Pages - Menu

অমিতাভ মৈত্র



জুতো

তোমার নামটা একটু অদ্ভুত হেনরি
   এই গরম আর কর্ডের কাপড়ের জন্য
শুকনো ঘাসে আগুন জেগে আছে
                           যখন জুতোই প্রমাণ দিচ্ছে তুমি ঘুমিয়ে
কাল চাবুকের দিকে দৌড়েছিলে
                           ক্ষুধার্তের মতো মার খেয়েছিলে
আজ তোমার জন্যই জাহাজের চোখধাঁধানো ছবি বন্দরে ঢুকছে
ছবির ঢেউয়ে আগুন ছড়িয়ে পড়ছে
                         যখন জুতোই প্রমাণ দিচ্ছে তুমি ঘুমিয়ে




খ্যাতি-অখ্যাতির নেপথ্যে

এই বারান্দায় দাঁড়িয়েই হেনরি বিখ্যাত হয়ে গিয়েছিল-
                                    স্রেফ পনের মিনিটের জন্যই যদিও।
বারান্দা থেকে নেমে সেই হেনরিই আবার সাধারণ হয়ে যায়
আবার গভীর রাতে বাড়ি ফিরতে শুরু করে
আলো ফোটার আগেই পা টিপে টিপে বেরিয়ে যায়

কিছুটা দ্বিধা আর সংশয় নিয়ে, কিছুটা খেলাচ্ছলে
বারান্দা এরপর নিজেই একদিন এসে দাঁড়ায় সেই বারান্দায়
তারপর যেমন হয়-
দাঁড়াতে না দাঁড়াতেই বারান্দা নিজেও বিখ্যাত হয়ে ওঠে-

স্রেফ পনের মিনিটের জন্যই যদিও।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন